কুয়েতের ‘আমীরকে অবমাননার’ দায়ে এক নারী অনলাইন অ্যাক্টিভিস্টকে কারাদণ্ড দেয়ার কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একইসঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশটির প্রতি আহবান জানানো হয়েছে। টুইটারে কুয়েতি আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহকে অবমাননাকর মন্তব্য করার দায়ে দেশটির আপিল আদালত বুধবার সারা আল-দারিসকে ২০ মাসের কারাদণ্ড দেন।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, এ রায় কুয়েতে অবাধ বাক-স্বাধীনতার অধিকার ব্যাহত করার শামিল। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লি¬উ) মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জো স্টোর্ক বলেন, ‘কুয়েত কর্তৃপক্ষ গতবছরে শান্তিপূর্ণ রাজনৈতিক বিবৃতির জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে।’ তিনি বলেন, ‘মত প্রকাশের জন্য কারাদণ্ড নয়, সমালোচনা সহ্য করার ক্ষমতা সরকারের থাকতে হবে।’ একই অভিযোগে কমপক্ষে তিন তরুণ কর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে এবং আরো অনেকের বিচার চলছে। সুপ্রীম কোর্ট তাকে জামিন না দিলে রায়ের বিরুদ্ধে তার করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। দারিস পেশায় একজন শিক্ষক। টুইটারে আমীরকে অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দ্বিতীয় কুয়েতি নারী হলেন তিনি। গতমাসে একই অভিযোগে নিম্ন আদালত হুদা আল-আজমী নামের অপর এক নারী অনলাইন অ্যাক্টিভিস্টকে ১১ বছরের কারাদণ্ড দেন।
