প্রযুক্তি বিশ্বের এই সময়টাতে বাজার দখল করে রেখেছে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি। স্মার্টফোনের বিক্রি এখন অনেক দেশেই পেরিয়ে গেছে সাধারণ ফিচার ফোনকে। আবার ট্যাবলেট পিসির বাজার ক্রমেই বাড়ছে। সেই তুলনায় ডেস্কটপ কম্পিউটার বিক্রির দিক থেকে পিছিয়ে পড়েছে অনেকটাই। আর সে কারণে স্মার্টফোন আর ট্যাবলেট পিসিকে গুরুত্ব দিয়েই ব্যবসা কৌশল সাজাতে হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। স্মার্টফোন আর ট্যাবলেট পিসিকে আরও উন্নত করতে তাই নতুন নতুন প্রযুক্তির আগমন ঘটেই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্যামসাং এবারে নিয়ে আসল স্মার্টফোন আর ট্যাবলেট পিসির জন্য নতুন চিপ, যার নাম দেওয়া হয়েছে ‘এক্সিনস ৫ অক্টা’। আগের প্রজন্মের স্মার্টফোন এবং ট্যাবলেট চিপের তুলনায় নতুন এই চিপ ত্রিমাত্রিক গ্রাফিক্সে দ্বিগুণ গতি প্রদান করতে সক্ষম। এই চিপগুলোই প্রথম চিপ যাতে এআরএম-এর তৈরি সর্বশেষ সংস্করণের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) আর্কিটেকচারকে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই এই চিপ প্রস্তুতের সব প্রস্তুতি সম্পন্ন শেষ করেছে স্যামসাং। আর সামনের মাস থেকেই বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার জন্য এর উত্পাদন শুরু করবে তারা। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই চিপ অবমুক্তির কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। এই বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, সাধারণ জিপিইউগুলো সিপিইউগুলোর তুলনায় ধীরগতির এবং জিপিইউগুলো সাধারণতই গেমিং বা গ্রাফিক্সের কাজে ব্যবহূত হয়ে থাকে। তবে এই জিপিইউগুলোর সুবিধা হচ্ছে এগুলো একইসাথে একাধিক কাজে নিজেদের নিয়োজিত করতে পারে। ফলে নতুন এই চিপ মাল্টিটাস্কিংয়ে নতুন গতি যুক্ত করতে সক্ষম হবে। নতুন চিপ সম্পর্কে স্যামসাংয়ের সিস্টেম এলএসআই মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট টাইহুন কিম জানিয়েছেন, ‘গ্রাফিক্স পারফরম্যান্স বাড়ানোর জন্য নতুন নতুন চিপের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। এই চাহিদা পূরণের জন্যই আমাদের নতুন এই চিপ।’ এই চিপে সংযুক্ত রয়েছে এআরএম-এর বিগ.লিটল এবং আর্টিসান ফিজিক্যাল আইপি প্রযুক্তি। এই দুই প্রযুক্তির সমন্বয় একে ফেসিয়াল রিকগনিশন কিংবা জেশচার ফিচারকে আরও বেশি নিখুঁত করে তুলবে বলেই মন্তব্য করেছে এআরএম-এর পিট হাটন।
