যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে ফিলিস্তিন ও ইসরাইলের কর্মকর্তারা সোমবার ওয়াশিংটনে বৈঠক করেন। শান্তি আলোচনার একটি রূপরেখা তৈরির জন্য তারা ওয়াশিংটনে আলোচনা করেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফিলিস্তিন ও ইসরাইল সফর করেন। তিনি আলোচনায় বসার জন্য উভয় দেশের নেতৃবৃন্দকে ওয়াশিংটনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বৈঠক আলোচনা শুরু এবং শান্তি পরিকল্পনা তৈরির ব্যাপারে একটি সুযোগ তৈরি করেছে। সোম ও মঙ্গলবার প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহকারী নাবিল আবু জানান, আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে জন কেরির চিঠি মাহমুদ আব্বাসের কাছে পৌঁছেছে। নাবিল আবুর উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রথম বৈঠকের উদ্দেশ্য শান্তি আলোচনাকে সফল করার জন্য উভয়পক্ষ মিলে একটি পরিকল্পনা তৈরি করা। ইসরাইলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিচারমন্ত্রী লিভনি এবং ইঝাক মলচো। ফিলিস্তিনের পক্ষে থাকবেন প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরকাত।
গত কয়েক দশকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা চলেছে আবার বার-বার বন্ধ হয়েছে। তবে ২০১০ সালে ইসরাইল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্ত নিলে শান্তি আলোচনা একেবারে বন্ধ হয়ে যায়। তিন বছর পর এই অচলাবস্থার অবসান ঘটল কেরির কূটনৈতিক তত্পরতায়। তিনি গত ১৯ জুলাই আম্মান সফরকালে ঘোষণা দেন, ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে।
