ফ্রেঞ্চ রিভেরার হোটেল থেকে ৪০ মিলিয়ন ইউরো মূল্যের গহনা চুরি

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:১৯
ফ্রেঞ্চ রিভেরা রিসোর্টের একটি হোটেল থেকে গত রবিবার ৪০ মিলিয়ন ইউরো মূল্যের জুয়েলারি চুরি করেছে এক অস্ত্রধারী চোর। ইসরাইলি জুয়েলারি ব্যবসায়ী লেভ লেভিভের একটি গহনা প্রদর্শনী থেকে এসব গহনা চুরি হয়েছে। গত ২০ জুলাই থেকে রিভেরা রিসোর্টের কার্লটন হোটেলে এ প্রদর্শনী চলছিল। কান পুলিশ জানিয়েছে, রবিবার ভোররাতে স্কার্ফ দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক অস্ত্রধারী বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি ব্যাগে থাকা ঐসব গহনা কেড়ে নেয়। পুরো বিষয়টা মুহূর্তের মধ্যে ঘটে যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, চোররা কানের বিভিন্ন হোটেলকে দামি অলঙ্কার চুরির জন্য পছন্দের জায়গা হিসাবে বেছে নিয়েছে। তবে এবার অলঙ্কার চুরি করা ঐ বদমায়েশকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত তাকে ধরতে পারবো এবং অলঙ্কারগুলো উদ্ধার করতে পারবো। মজার বিষয় হলো, ১৯৫৫ সালে পরিচালক আলফ্রেড হিচকক তার বিখ্যাত ছবি ‘টু ক্যাচ অ্যা থিফ’ ছবির চিত্রায়ন করেছিলেন এ কার্লটন হোটেলেই। ঐ চলচ্চিত্রের কাহিনীতে ফ্রেন্স রিভেরা থেকে অলঙ্কার চুরির পর কিভাবে উদ্ধার করা হয় তা দেখানো হয়েছিল। চলচ্চিত্র উত্সবের জন্য সারাবিশ্বের মানুষের কাছে কান বিশেষভাবে পরিচিতি লাভ করলেও সম্প্রতি সেখানে কয়েকবার অলঙ্কার চুরির ঘটনা ঘটায় ভিন্নভাবে আলোচনায় চলে এসেছে কান। এবারের চুরির ঘটনার আগে মে মাসে ৬৬তম কান চলচ্চিত্র উত্সবে গয়না চুরির দুইটি ঘটনা ঘটে।