সংবাদ কণিকা

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:২০
নতুন চমক কৃত্রিম হীরা খাঁটি হীরা কেনার সামর্থ্য যাদের নেই তারা কিনতে পারেন কৃত্রিম হীরা, যদিও তার দাম কিন্তু কম নয়। রাশিয়ার বিজ্ঞানীরা এই হীরা তৈরির অত্যাধুনিক উপায় আবিষ্কার করেছেন। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল কার্টার ক্লার্ক এই পদ্ধতিতে হীরা তৈরির ব্যবসায়িক অনুমতি নিয়েছেন। তার প্রতিষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে হলুদ হীরা। বিরল এই হীরার ক্যারেট প্রতি মূল্য ১৫ থেকে ২০ হাজার ইউরো। তবে ক্লার্ক ৪ হাজার ইউরো মূল্যের কৃত্রিম হীরাও বিক্রি করেন। রত্নপ্রেমীরা এসব কৃত্রিম হীরার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।—ডয়চে ভেলে রোদ ছড়াবে প্রতিফলিত সূর্যালোক শীতকালে অন্ধকারের হাত থেকে বাঁচতে পাহাড়ের উপরে আয়না লাগানোর প্রকল্প হাতে নিয়েছে নরওয়ের একটি শহর কর্তৃপক্ষ, যাতে জুকান শহরের উপরে সূর্যের আলো প্রতিফলিত হয়। সেপ্টেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস পাহাড়ের আড়ালে থাকায় সূর্যের আলো থেকে বঞ্চিত হয় নরওয়ের ছোট্ট শহর জুকান। এ কারণে শীতকালে অন্ধকারের হাত থেকে বাঁচতে পাশের পাহাড়ের উপরে বড় বড় আয়না লাগানোর প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ, যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে শহরটিতে এসে পড়ে।—বিডিনিউজ ইটালির মন্ত্রীকে কলা নিক্ষেপ ইটালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সেসিলি কিয়াঙ্গেকে মঞ্চে বক্তৃতাকালে ঝাঁকে ঝাঁকে কলা ছুঁড়েছেন দর্শকরা। কট্টর দক্ষিণপন্থিদের এ আচরণে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সামপ্রতিক সময়ে দেশটিতে উত্তর আফ্রিকা থেকে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ নিয়ে বক্তব্য দেন তিনি। তাদের ইটালির নাগরিকত্ব সহজে পাওয়ার বিষয়েও তিনি মত প্রকাশ করেন। আর এ কারণেই জনতার রোষানলে পড়েন কিয়াঙ্গে। —এএফপি ‘আড়াই টাকায় ভরপেট’ আড়াই টাকায় একবেলা ভরপেট খাবার মেলে আসামে—এমনই দাবি করেছেন ভারতের কৃষিমন্ত্রী নীলামণিসেন ডেকার। তার বক্তব্য, আটজনের পরিবারের পেট ভরে মাত্র ২০ টাকাতেই! কৃষিমন্ত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠে। রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়। তারা কৃষিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, এটা নীলামণির একান্ত ব্যক্তিগত মতামত। —আনন্দবাজার পত্রিকা