উ. কোরিয়ার সঙ্গে সংলাপে দ. কোরিয়ার চূড়ান্ত প্রস্তাব

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২১:১৯
কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় বন্ধ করে দেয়া যৌথ শিল্পাঞ্চল পুনরায় খুলে দেয়ার বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সোমবার চূড়ান্ত প্রস্তাব পাঠিয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান। এএফপি’র খবরে বলা হয়, সিউলের বিনিয়োগকৃত যৌথ শিল্পাঞ্চল কায়েসং পুনরায় খুলে দেয়ার ব্যাপারে সামপ্রতিক সময়ে ছয়দফা আলোচনায় সামান্য অগ্রগতির পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হলো। উল্লেখ্য, কোরীয় উপদ্বীপ অঞ্চলে সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে গত এপ্রিল মাস থেকে এই শিল্পাঞ্চল বন্ধ রয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী অস্ত্রবিরতি গ্রাম পানমুনজমের মাধ্যমে এই আলোচনার প্রস্তাব পাঠানো হয়। এব্যাপারে তারা উত্তর কোরিয়ার কাছ থেকে দ্রুত উত্তর চেয়েছে।