সবচেয়ে বড় ব্যাটারি
যুক্তরাজ্যে নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের জন্য ছয় মেগাওয়াট ধারণক্ষমতার বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি নির্মিত হচ্ছে। এ ব্যাটারির মাধ্যমে সন্ধ্যার পর বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে সূর্যের আলো ও বাতাস থেকে বেশি পরিমাণে শক্তি সঞ্চয় করা যাবে। এটি তৈরিতে লিথিয়াম ম্যাংগানিজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮৭ লাখ পাউন্ড। এর জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সাল পর্যন্ত। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা জানিয়েছেন, এ ব্যাটারি সাফল্যের মুখ দেখলে শুধু যুক্তরাজ্যেই বছরে সাশ্রয় হবে ৩০০ কোটি পাউন্ড। -দ্য গার্ডিয়ান
নাসার বাণিজ্যিক মহাকাশযান
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গত সপ্তাহে বাণিজ্যিকভাবে মহাকাশে যাত্রী বহনের পরিকল্পনার চতুর্থ ও চূড়ান্ত পর্বের পরিকল্পনা প্রকাশ করেছে। এ পরিকল্পনার আওতায় ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য নেয়া হবে। পরিকল্পনা অনুসারে বছরে এ ধরনের দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য নাসা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মহাকাশে যাত্রী পরিবহনের প্রস্তাব গ্রহণ করবে এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান বাছাই করা হবে।- এনবিসি
দীর্ঘজীবী করতে ‘ব্যানাসিন’
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সালুসতিয়ানো সানচেস-ব্লাসকেস। তার ১১২ বছর পর্যন্ত বেঁচে থাকার মূল কারণ হিসাবে ধরা হয় কলা আর ব্যথারোধক ট্যাবলেট। তাই বাজারে আসছে ‘ব্যানাসিন’। উত্পাদক প্রতিষ্ঠান ইনসাইট ফার্মাসিউটিক্যালস কলার গন্ধ মিশিয়ে নতুন ধরনের ব্যানাসিন বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। সংস্থাটির মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট জেনিফার ময়্যার বলেন, ব্যানানার গন্ধ থাকবে বলে ওষুধটির নাম দেয়া হবে ‘ব্যানাসিন’। -ডয়েচে ভেলে
ব্রিটেনের নতুন নিয়ম
ব্রিটেনের ভিসা পেতে গেলে ৩ হাজার পাউন্ডের ফেরতযোগ্য বন্ড সংগ্রহ করতে হবে ভারতসহ আরও পাঁচটি দেশের নাগরিকদের। সোমবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নতুন নিয়মের কথা স্বীকার করে নেয়া হয়। তারা আশা প্রকাশ করে বলেছেন, এর ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ব্রিটেনে অবৈধভাবে থাকার চেষ্টা অনেকটাই কমে আসবে।
-আনন্দবাজার প্রত্রিকা
