দ্বিতীয় দফায় অগভীর সমুদ্রে গ্যাস ব্লক ইজারা দেয়ার দরপত্র আহ্বান করেও সাড়া পেল না পেট্রোবাংলা। শুধু ১১ নম্বর ব্লকের জন্য সান্তোষ ও ক্রিস এনার্জি যৌথভাবে দরপত্র জমা দিয়েছে। সোমবার দরপত্র জমা দেয়ার শেষ দিনে মাত্র একটি কোম্পানি একটি ব্লকের জন্য দরপত্র জমা দিয়েছে।
পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, আমরা একটি ব্লকের জন্য একটি দরপত্র পেয়েছি। কোম্পানি দুটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করে কাজ করতে আগ্রহী। গত বছর আহ্বান করা দরপত্রে মাত্র দুটি কোম্পানি তিনটি অগভীর সমুদ্রের ব্লকের জন্য দরপত্র জমা দিয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দরপত্র অনুমোদন করেছেন। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও দরপত্রগুলো অনুমোদন করেছে। দুই কোম্পানির সঙ্গে চুক্তি করবে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা পরিচালক (পিএসসি) ইমাদউদ্দিন সাংবাদিকদের বলেন, দরপত্রে ৮৭০ লাইন কিলোমিটার দ্বিতীয় মাত্রার এবং ৩০০ বর্গকিলোমিটার তৃতীয় মাত্রার ভূকম্পন জরিপ করার বাধ্যবাধকতা রয়েছে। কোম্পানিটি এক হাজার ছয় লাইন কিলোমিটার দ্বিতীয় মাত্রার এবং ৩০০ বর্গকিলোমিটার তৃতীয় মাত্রার জরিপ করার জন্য একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা জমা দিয়েছে। কোম্পানি ১৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যাংক জামানত দেবে। দরপত্রে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা না হলেও ৩০ থেকে ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হতে পারে।
