তাপদাহ :চীনে সতর্কতা জারি

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৮
চীনের কোনো কোনো এলাকায় তীব্র গরম পরম পড়েছে, তাপমাত্রা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। এতে প্রথমবারের মতো চীনে দ্বিতীয়মাত্রার জরুরি তাপদাহ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নয়টি প্রদেশকে মঙ্গলবার থেকে এই তাপদাহ সতর্কতার আওতায় রাখা হয়েছে। এগুলো হচ্ছে আনহুই, জিয়াঙসু, হুনান, হুবেই, ঝেঝিয়াঙ, জিয়াংশি, ফুজিয়ান, সাংহাই ও চঙকিং। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। জুলাইয়ে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে ১শ’ ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। তীব্র তাপদাহে অসুস্থ (হিট স্ট্রোক) হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। তীব্র এই গরমকে মাংস ঝলসানো তাপের সঙ্গে তুলনা করছে সাংহাইয়ের গণমাধ্যমগুলো। সাংহাইয়ের আবহাওয়া ব্যুরোর তথ্যানুযায়ী জুলাই মাসে ২৪ দিন সাংহাইয়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার উপরে ছিল। টেলিভিশন এক প্রতিবেদনে সাংহাই টিভির এক সাংবাদিক দাবি করেছেন, তীব্র রোদে তারা দশ মিনিটের মধ্যে একটি মার্বেল স্লাবের উপর একটি মাংসের চপ ভেজেছেন। সাংহাইয়ের মানুষ বাইরের তীব্র রোদে মাংস ও মাছ ঝলসাচ্ছে এমন ছবি এখন অনলাইনেও অনেক দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।