নেপালে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৯
নেপালের বনে রয়েল বেঙ্গল টাইগার অর্থাত্ বাংলার রাজসিক বাঘের সংখ্যা ২০০৯ সালের পর থেকে ৬৩ শতাংশ বেড়ে ১৯৮টিতে এসে দাঁড়িয়েছে। ২০০৯ সাল পর্যন্ত নেপালের বনগুলোতে মাত্র ১২১টি বাঘ ছিল বলে বিবিসির এর প্রতিবেদনে বলা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত নেপাল ও ভারতের তরাই অঞ্চলে পরিচালিত সরকারি এক জরিপে বাঘের এ সংখ্যা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ৬শ’ মাইলব্যাপী তরাই অঞ্চলটি দক্ষিণ নেপাল থেকে শুরু করে ভারতের বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্য পর্যন্ত বিস্তৃত। ২০১০ সালে এক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার সরকারগুলো ২০২২ সালের মধ্যে এ অঞ্চলের বনে বসবাসরত বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। কিন্তু ক্রমাগত চোরা শিকার ও আবাসন হারানোর কারণে সুন্দর এ প্রাণীটির অস্তিত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে। ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পথে এ অর্জনকে একটি ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন নেপালের উল্লসিত কর্মকর্তারা। নেপালের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের মহাপরিচালক মেঘ বাহাদুর পান্ডে বলেন, “বাঘ নেপালের প্রাকৃতিক সম্পদের এক অপরিহার্য অংশ। আমরা এই অসাধারণ প্রাণীটির বিচরণ এলাকা, শিকার করার সুযোগ ও এর সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”