সংবাদ কণিকা

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২০:৩৮
মূত্র থেকে নতুন দাঁত! চীনের গবেষকরা মানুষের মূত্রের অভিনব উত্স কাজে লাগিয়ে নতুন দাঁত গজানোর কৌশল উদ্ভাবন করেছেন। ‘সেল রিজেনারেশন জার্নালে’ প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, মূত্রকে স্টেম সেলের উত্স হিসাবে ব্যবহার করে ছোট্ট দাঁত আকৃতির কাঠামো গজানো যেতে পারে। যাদের দাঁত পড়ে গেছে তাদের জন্য নতুন দাঁত গজানোর চমত্কার উপায় হতে পারে এটি। তবে গবেষকরা বলেছেন, এখনই এর সুফল পাওয়া যাবে না। এর জন্য আরো নতুন নতুন গবেষণা প্রয়োজন। — বিবিসি হ্যাকিংয়ের উপায়ের বিরুদ্ধে রায় গাড়ির ইমোবিলাইজেশন সিস্টেম হ্যাকিংয়ের উপায় প্রকাশের বিরুদ্ধে রায় দিয়েছে যুক্তরাজ্যের উচ্চ আদালত। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন এবং ফরাসি ডিফেন্স গ্রুপ থেলসের পক্ষে আদালত রায় দিয়েছে। শুধু ভক্সওয়াগনই নয়,অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই তাদের নির্মিত গাড়ির নিরাপত্তা রক্ষার্থে এ প্রযুক্তি ব্যবহার করে। তিনজন গবেষকের এ নিরাপত্তা ব্যবস্থাটি হ্যাকিংয়ের উপায় আসন্ন এক সম্মেলনে আলোচনা করার কথা ছিল। কিন্তু এ সংক্রান্ত যাবতীয় তথ্য অপরাধীরা গাড়ি চুরিতে কাজে লাগাতে পারে এমন আশংকায় আদালত তার আগেই এ রায় দিয়েছে। -বিবিসি কৃত্রিম আকৃতির কান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিমভাবে মানব কোষ থেকে পূর্ণ আকৃতির কান বানানোর চেষ্টায় সাফল্যের কাছাকাছি পৌঁছেছেন। এ কান সত্যিকারের কানের মতোই নমনীয় বলে জানিয়েছেন বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা। দুর্ঘটনায় যারা কান হারিয়েছেন তাদের কিংবা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা জন্মগতভাবে বিকৃত কানের প্রতিস্থাপনে ভবিষ্যতে কাজে আসবে এ কৃত্রিম কান। নতুন গবেষণায় গবেষকরা গরু এবং ভেড়া থেকে টিস্যু নিয়ে মানুষের কান আকৃতির একটি ছাঁচে ফেলে ত্রিমাত্রিক গড়ন তৈরি করে তা ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করে কৃত্রিম কান তৈরির চেষ্টায় সফল হন। —বিবিসি ১৪ যুবককে বিক্রি! চাকরির আশ্বাস দিয়ে ভারতের গৌহাটি রাজ্যের ১৪ জন যুবককে হিমাচল প্রদেশে বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের সকলের বাড়ি দরং জেলার মঙ্গলদৈ বেজপাড়ায়। পুলিশ জানায়, মাসখানেক আগে চাকরি দেয়ার অজুহাতে ১৪ জন যুবককে হিমাচলে নিয়ে যায় দালাল চক্র। এদের মধ্যে সাতজন কয়েকদিন পর কৌশলে পালিয়ে আসে। তারা জানায়, অন্য সাতজনকে হিমাচলের মাণ্ডির একটি স্থানে আটকে রাখা হয়েছে। —আনন্দবাজার পত্রিকা