জুমাতুল বিদা’র গুরুত্ব

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:৩৫
আজ ২৩ রমজান। যদি এবারের রমজান মাস ২৯ দিনের হয়, তাহলে আজই রমজানের শেষ শুক্রবার। আর যদি চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ৩০ দিনের হয়, তাহলে আগামী শুক্রবার তথা ৩০ রমজান হইবে শেষ শুক্রবার। রমজানের এই শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা। এমনিতেই মুসলমানদের নিকট প্রতিটি জুমার দিনই অনেক তাত্পর্যপূর্ণ। প্রতিটি জুমার দিন এক একটি ঈদ স্বরূপ। অন্যদিকে পবিত্র রমজান মাসে যে কোন ইবাদত-বন্দেগীর ফজিলত কয়েকগুণ বৃদ্ধি পায়। এই হিসাবে আমাদের দেশের মুসলমানরা জুমাতুল বিদাকে অনেক গুরুত্ব দিয়া থাকেন। ইহার সহিত সিয়াম পালনকারীদের ধর্মীয় আবেগ ও অনুভূতিও জড়িত। কেননা জুমাতুল বিদা আসার সঙ্গে সঙ্গে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মুবারকের বিদায়ের সুর বাজিয়া ওঠে। আরেকটি রমজান মাস আসিতে আসিতে আমরা বাঁচিয়া থাকিব কিনা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যমে জিন্দেগীর গুনাহ-খাতা মাফ করিয়া নেওয়ার সুযোগ পা্ইব কিনা সেই বিষয়টি সামনে চলিয়া আসে। তাই জুমাতুল বিদার দিনে বিশেষভাবে দোয়া করা হইয়া থাকে। গত বত্সর ২৭ রমজান তথা পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হওয়ার পর জুমাতুল বিদা আসিয়াছিল। এবার ইহা এখনও নিশ্চিত নহে। অর্থাত্ আমরা আরেকটি শুক্রবার পাইতে পারি আবার নাও পাইতে পারি। তবে আজকের শুক্রবারকেও আমাদের গুরুত্ব দিতে হইবে। এই পরিস্থিতিও আল্লাহ তায়ালার অশেষ রহমত বৈ আর কিছু নহে। অনেক মুসল্লির সহিত জামাতে নামাজ আদায় ও দোয়া করিবার উপকারিতা হইল, এতগুলি মানুষের মাঝে আল্লাহ তায়ালা যে কোন নেককার বান্দার দোয়া কবুল করিতে পারেন। সুতরাং এই ধরনের বিশেষ দিন যখনই আসিবে, তখনই তাহা হাতছাড়া করা অনুচিত। যাহারা সেই সুযোগ হারাইবে তাহাদের চাইতে হতভাগা আর কে হইতে পারে? জুমার দিনের একটি বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। সেই সময়টা হইতেছে খতিবের মিম্বরে উপবিষ্ট সময়কাল হইতে ফরজ নামাজের সালাম ফেরানো পর্যন্ত। জুমাতুল বিদার দিনে এ ব্যাপারে তাই অনেকেই সচেতন থাকেন। যেহেতু সিয়াম সাধনা কেবল আল্লাহ তায়ালার সন্তুষ্টি হাসিলের জন্য, এখানে লোক দেখানোর কোন সুযোগ নাই, সেজন্য আল্লাহ গাফুরুর রহিম স্বয়ং ইহার পুরস্কার দেওয়ার অঙ্গীকার করিয়াছেন। রমজানের এক মাস রোজা পালনের মাধ্যমে একজন রোজাদার মাসুম বাচ্চার ন্যায় নিষ্পাপ ব্যক্তিতে পরিণত হন। এ সবকিছু বিবেচনায় আনিয়া জুমাতুল বিদার দিনে ইবাদত কবুলের জন্য কায়মনোবাক্যে ফরিয়াদ জানাইতে হয়। মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিম দেশসমূহে আল কুদস দিবস হিসাবেও পালিত হইয়া থাকে। পবিত্র নগরী জেরুজালেমের উপর ফিলিস্তিনী মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রামী প্রতীক এই দিবস। ইহা জুমাতুল বিদার তাত্পর্যকে নূতন মাত্রা দান করিয়াছে। এই বত্সর আমাদের জীবন হইতে মাহে রমজান বিদায় হইবার দিন-ক্ষণ ঘনাইয়া আসিতেছে। পবিত্র এই মাসের সিয়াম সাধনা, যাবতীয় ইবাদত-বন্দেগী আল্লাহ রহমানুর রহীম কবুল করুন। তিনি আমাদের ক্ষমা করুন। জুমাতুল বিদার দিনে ইহাই আমাদের আন্তরিক প্রার্থনা।

এ সম্পর্কিত আরও পড়ুন