গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাইরে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন কংগ্রেসে ‘অভিবাসন সংক্রান্ত একটি বিল পাস না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছিল তারা। বিক্ষোভকারীরা রাজধানীর সাথে সংযুক্ত একটি মহাসড়কে বসে পড়ে এবং মহাসড়কটি বন্ধ করে দেয়। পুলিশ তাদের মধ্যে অনেককে হ্যান্ডকাপ পরিয়ে ভ্যানে তুলে নিয়ে যায়। আন্দোলনের সংগঠকরা জানান, যেসব অভিবাসীর কাগজপত্র নেই তাদেরই মূলত গ্রেপ্তার করা হয়েছে। তারা আরো আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন। — খবর ডন ডটকমের।
ডেমোক্রেট দলের কংগ্রেসম্যান লুইস গুইতারেজ বলেন, আজকে আমাদের সাথে আছে কয়েকশ’ মানুষ, আগামীকাল হবে কয়েক হাজার জন। আমাদের যদি রাজধানীতে লাখ লাখ লোকের সমাবেশ করতে হয় আমরা তাই করব। আমরা যদি আমাদের দাবিতে অটল থাকি তাহলে সফলতা অবশ্যই আসবে। গত জুনে সিনেটে অভিবাসন সম্পর্কিত একটি বড় বিল আনা হয়। গুইতারেজ কংগ্রেসে সেই আইনে পাস করানোর চেষ্টা করছেন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস এধরনের আভাস দিয়েছে যে বিলটি পাস করা হবে না। বিলটি পাস হলে ১১ লাখ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
