পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা শিগগিরই বন্ধ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ইসলামাবাদ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের পর এক টেলিভিশন সাক্ষাত্কারে কেরি একথা বলেন। পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব কমাতেই কেরি এ ‘আশার বাণী’ শুনিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। -খবর রয়টার্স ও ডনের।
এর আগে বৃহস্পতিবারই কেরির সঙ্গে বৈঠককালে নওয়াজ ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশল বদলানো উচিত। তবে ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের উদ্বেগের জবাবে কেরি আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির মতো জঙ্গির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য এ ধরনের জঙ্গি নেতারাও চ্যালেঞ্জ। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্য বিনা অনুমতিতে পাকিস্তানে প্রবেশ ও ড্রোন হামলা নিয়ে বিরাজমান ক্ষোভ এবং তিক্ততা পেছনে ফেলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ‘পূর্ণ সহযোগিতার’ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী বলেও জানান কেরি।
