আফগানিস্তানে সংঘর্ষে ২২ পুলিশ ও ৭৬ জঙ্গি নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:৩৭
গত শুক্রবার সংঘর্ষে আফগানিস্তানে ২২ পুলিশ ও ৭৬ তালেবান নিহত হয়েছে।—খবর ডন সংবাদপত্রের। পূর্ব আফগানিস্তানে শুক্রবার পুলিশ ও সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলা করে তালেবান জঙ্গিরা। একজন রাজনীতিবিদকে উদ্ধারে অভিযান চালানোর পর গাড়ি বহরটি নানগরহার প্রদেশের শেরজাদে এসে তালেবান হামলার মুখে পড়ে। নানগরহার পুলিশের অতিরিক্ত প্রধান বলেন, সেখানে তুমুল যুদ্ধ হয়েছে। জঙ্গিরা হালকা ও ভারি অস্ত্রসহ সামরিক বহরে হামলা করে। তিনি বলেন, আমাদের ২২ জন নিহত হয়েছেন কিন্তু আমরা জঙ্গিদের একটি শিক্ষা দিতে সমর্থ হয়েছি। তাদের ৬০ জন মারা গেছে। আরো ১৬ জঙ্গি মারা পড়েছে রাজনৈতিক নেতাকে উদ্ধার অভিযানে। তালেবান প্রায় এক দশক ধরে পশ্চিমাদের মদদপুষ্ট কারজাই সরকারের সাথে যুদ্ধ করছে। তালেবানের দাবি সংঘর্ষে ৫ জঙ্গি ও ৮৪ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। ২০১৪ সালে ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করবে। সেদেশের নিরাপত্তা বাহিনী জঙ্গি মোকাবিলার দায়িত্ব গ্রহণ করছে। যেসব এলাকা থেকে বিদেশি সেনা চলে যাচ্ছে সেসব এলাকায় জঙ্গি হামলা বেড়ে যাচ্ছে।