নতুন একটি অরাজনৈতিক সরকার গঠনের জন্য চুক্তিতে পৌঁছাতে তিউনিসিয়ার ইসলামপন্থি সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছে দেশটির শক্তিশালী শ্রমিক সংগঠনগুলো। ক্ষমতাসীন সরকার সমঝোতায় পৌঁছাতে না পারলে শ্রমিক সংগঠনগুলো বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে ‘বাধ্য হবে’ বলে জানিয়েছে।
তিউনিসিয়া সাধারণ শ্রমিক ইউনিয়নের (ইউজিটিটি) উপনেতা বৌ আলি এমবারকি গত শুক্রবার তিউনিসীয় টেলিভিশন চ্যানেল নেসমার মাধ্যমে এ আল্টিমেটাম দেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাব। যদি সরকার পরিবর্তন এবং সাংবিধানিক পরিষদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দেয়ার দাবি না মানা হয় তাহলে বিকল্প ব্যবস্থাও আছে, আর তা গ্রহণ করতে আমরা বাধ্য হব।’
তিউনিসিয়ায় ইউজিটিটি’র সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ। শক্তিশালী এই শ্রমিক সংগঠনটি ক্ষমতাসীন ইসলামপন্থি ইন্নাহ্দা পার্টি ও ধর্মনিরপেক্ষ বিরোধীদলের মধ্যে মধ্যস্থতা করছে। বিরোধীদল দেশটির ক্রান্তিকালীন সাংবিধানিক পরিষদ ভেঙে দেয়াসহ সরকারের পদত্যাগ চায়। গত সপ্তাহে বামপন্থি এক নেতার খুনের মধ্য দিয়ে তিউনিসিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। গত ছয় মাসে এটি বড় ধরনের দ্বিতীয় শীর্ষ রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশটির আলজেরীয় সীমান্তের কাছে উগ্রপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলেছে।
