জর্ডানের শরণার্থী শিবির
জর্ডানের জাতারি শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় ১ লাখ ৬০ হাজার সিরীয় রয়েছে। অথচ মাত্র আট মাইল দূরে রয়েছে সিরিয়ার সীমান্ত। কিন্তু এতো কাছে থেকেও তারা আজ পরবাসী। দিন গুণছেন কবে তারা দেশে ফিরবেন। জাতারি আয়তনের দিক থেকে জর্ডানের পঞ্চম শহর। শহরের প্রধান সড়কের উপর তৈরি হয়েছে হাজার তিনেক ছোট-বড় দোকান, রকমারি রেস্তোরাঁ, খাবারের ছোট্ট দোকান। জাতিসংঘের যেসব কর্মকর্তা এই শিবিরের দায়িত্বে রয়েছেন, তাদের বক্তব্য, ভিনদেশে থেকে তারা গৃহযুদ্ধের বিভীষিকা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন। -এএফপি
সর্বজিত কন্যার চাকরি
পাকিস্তানের লাহোর কোট লাখপত জেলে কয়েদিদের হামলায় নিহত ভারতীয় নাগরিক সর্বজিত সিংহের মেয়েকে চাকরি দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। শুক্রবার মুখ্যমন্ত্রী সর্বজিত সিংহের মেয়ে স্বপ্নদীপ কৌরকে নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, তাকে চাকরি দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সর্বজিত এ দেশের একজন শহীদ। ১৯৯০ সালে পাকিস্তানে বোমা বিস্ফোরণের দায়ে মৃত্যুদণ্ডাদেশ হয় সর্বজিতের। এ বছর এপ্রিলে লাহোরের জেলে তার উপর দুই কয়েদি নিষ্ঠুরভাবে হামলা চালালে গত ২ মে তিনি মারা যান।—টাইমস অব ইন্ডিয়া
১০৭ ওয়েবসাইট বন্ধ
চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত চীন ১০৭টি ব্যক্তিগত নিউজ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে সাধারণ মানুষের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করছে চীন। এতে করে দেশটিতে ‘সিটিজেন জার্নালিজমে’ আঘাত হানা হচ্ছে বলে অনেকে মনে করছেন। বন্ধ হয়ে যাওয়া ওয়েব সাইটগুলোর তালিকায় রয়েছে দ্য ভয়েস অব পিপলস, চাইনিজ সিটিজেন নিউজ, জাস্টিস অনলাইন, ডেমোক্র্যাটিক লিগ্যাল সুপারভিশন নেট।—সিনহুয়া
