প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দ ও সাফল্যের সঙ্গে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে একটি আলোকিত সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাফল্যের সঙ্গে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে হলে আমাদের একটা শিক্ষিত জাতি প্রয়োজন।
তিনি আরো বলেন, একটি আলোকিত সমাজ নির্মাণে বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে । চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে প্রধানমন্ত্রী শনিবার একথা বলেন। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেট, যশোর, বরিশাল ও দিনাজপুর শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট হস্তান্তর করেন।
এ সময় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে অবস্থান করতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যাতে মর্যাদার আসন লাভ করতে পারে তার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সমস্যার কথা উল্লেখ করে বলেন, এর ফলে গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীদের সাফল্যের হার কমে গেছে।
তিনি সফলতার হার হ্রাসের জন্য বিএনপি ও জামায়াতকে অভিযুক্ত করে বলেন, তাদের একের পর এক হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টির জন্য কর্তৃপক্ষকে অন্তত ৩২টি পরীক্ষার তারিখ বদলাতে হয়েছে। তিনি বলেন, ‘এজন্য শিক্ষার্থীদের দায়ী করা যাবে না। এর দায়-দায়িত্ব বিএনপি ও জামায়াতকে নিতে হবে। আমি আশা করবো তারা ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতা অবলন্বন করবে। ’
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ ও আমেনিয়া জামিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ সংসদ সদস্য বিভিন্ন কলেজের অধ্যক্ষ যশোরের ডিসি ভিডিও কনফারেন্স চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
পরীক্ষা সমাপ্তির পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনেক বাধা সত্ত্বেও পড়াশুনা চালিয়ে যাওয়া এবং পরীক্ষার সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান।
