অধ্যায় - ৪র্থ
প্রিয় ছাত্র-ছাত্রী, শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছ। আজ আমি ৮ম শ্রেণীর চারু ও কারুকলা বইয়ের চতুর্থ অধ্যায় “শিল্পকলা”থেকে আলোচনা করবো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করবো। আশা করি তোমরা উত্তরগুলো সংগ্রহে রাখবে।
১। গ্রামের অর্থশালী ব্যক্তিদের জীবনযাপনে সৌন্দর্যবোধের প্রয়োগ উল্লেখ কর।
২। শিল্পকলা কী? এ সম্পর্কে সংক্ষেপে লিখ।
৩। লোকশিল্প ও কারুশিল্পের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নির্ণয় কর।
৪। নান্দনিক শিল্প বলতে কী বুঝ? এটি মানুষের মনে আনন্দ দেয় কেন?
৫। “অপরাজেয় বাংলা” ভাস্কর্যটির শিল্পী কে? এটি কিসের অনুভূতিকে প্রকাশ করেছে?
৬। নান্দনিক শিল্প বলতে কী বুঝি? যে কোনো চিত্রকলা বা ভাস্কর্যকে কি আমরা নান্দনিক শিল্প বলবো? তোমার মতামত দাও।
যে কোনো চিত্রকলা বা ভাস্কর্যকে কি আমরা নান্দনিক শিল্প বলব? - তোমার মতামত দাও।
নান্দনিক শিল্প মূলত চারুশিল্পেরই অন্য নাম। চারুশিল্প আমাদের মনকে আনন্দ দেয়, দৃষ্টিকে আনন্দ দেয়। যে শিল্প আনন্দদায়ক ও দৃষ্টিনন্দন, যা আমাদের মনের খোরাক যোগায় তাকেই আমরা নান্দনিক শিল্প বলতে পারি।
শিল্পী যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন তার সৃষ্টির সাথে মিশে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা, তার রুচি, চিন্তা-চেতনা, শিল্পবোধ, তার পরিবেশ ও সমাজ ইত্যাদি নানা কিছু। শিল্পী তার আবেগ, আনন্দ, দুঃখ, ক্ষোভ এসব অনুভূতিকেই শিল্পরূপ দেন। দুঃখ-বেদনা থেকেও শিল্প সৃষ্টি হতে পারে। তবে তাতে মিশে থাকে সৃষ্টির আনন্দ। দুঃখকে শিল্পে প্রকাশ করার আনন্দ; এসব শিল্প সৃষ্টির মূলে থাকে শিল্পীর নিজেকে প্রকাশ করার অদম্য ইচ্ছা। শিল্পী চান দর্শক তার শিল্পকর্ম দেখে আনন্দ পাক; শিল্পীর চিন্তাভাবনার সাথে দর্শক নিজের চিন্তার মিল খুঁজে পাক অথবা তার দৃষ্টিভঙ্গি দর্শকের হূদয়কে আলোড়িত করুক। দর্শক তাতে চিন্তার কিছু খোরাক পাক। শিল্পী নিজেকে প্রকাশ করার জন্য যে কোনো মাধ্যম বেছে নিতে পারেন। সেটা হতে পারে চিত্রকলা, ভাস্কর্য বা অন্য কোনো মাধ্যম। চিত্রকলার মতো ভাস্কর্য, কাঠ খোদাই বা রিলিভ ওয়ার্ক-এর মাধ্যমেও নান্দনিক শিল্প হতে পারে। মাধ্যম যাই হোক না কেন এ ধরনের শিল্পকে আমরা নান্দনিক শিল্প বলতে পারি। যেমন- শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি “সংগ্রাম”।
পরিশেষে আমরা বলতে পারি চিত্রকলার মাধ্যমে যেমন নান্দনিক শিল্প হয় তেমনি ভাস্কর্য মাধ্যমেও হতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত “অপরাজেয় বাংলা” ভাস্কর্য।
