যুক্তরাষ্ট্রের আশ্বাস

পাকিস্তানে শিগগিরই বন্ধ হবে ড্রোন হামলা

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:৩৩
খুব শিগগির পাকিস্তানে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে গত বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে কেরি বলেন, অচিরেই ড্রোন হামলা বন্ধ করা যাবে বলে আশা করা যাচ্ছে। পাকিস্তানের কোন কোন পক্ষ কেরির এই বক্তব্যের প্রশংসা পেয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই প্রথমবারের মত শীর্ষ কোনো কর্মকর্তা ড্রোন হামলা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিলেন। তবে পাকিস্তানের ড্রোন হামলা ২০১৪ সালের আগে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশেষজ্ঞরা। সম্প্রতি জঙ্গি দমনে ড্রোন হামলার পক্ষে যুক্তি দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একদিনের অঘোষিত সফরে জন কেরি পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপ্রধানসহ বিরোধীদলীয় নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পূর্ণ অংশীদারিত্ব ও সীমান্ত সম্পর্ক জোরদার ও পুনঃস্থাপনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি ২০১১ সালে পাকিস্তানের অভ্যন্তরে বিনা অনুমতিতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা ও ড্রোন হামলাসহ অতীতের সব বিদ্বেষ ভুলে দুই দেশের মধ্যে আবার সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। ড্রোন হামলা বন্ধের ব্যাপারে গত মে মাসে যদিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ড্রোন হামলা আগের তুলনায় বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে আছে। তবে হামলা বন্ধের ব্যাপারে ওবামা স্পস্ট করে কিছু বলেননি। ড্রোন হামলা একেবারে বন্ধ হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে কেরি বলেন, জঙ্গি তত্পরতা হচ্ছে এর প্রধান অন্তরায়, নিরাপত্তার জন্য বিপজ্জনক উপাদান দূর করা সম্ভব হলেই এ কার্যক্রম (ড্রোন হামলা) বন্ধ করা হবে। আমি মনে করি ড্রোন হামলা বন্ধের দিনক্ষণ সম্পর্কে প্রেসিডেন্টের (বারাক ওবামা) নিশ্চয় কোনো ভাবনা আছে। এছাড়া এই জঙ্গি তত্পরতা আগের চেয়ে অনেকটা কমেছে বলে আমি মনে করি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সারতাজ আজিজ এ প্রসঙ্গে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ড্রোন হামলা সাময়িকভাবে নয়, পুরোপুরিভাবে বন্ধ করতে বলেছি। উইড্রোউইলসন ইন্টারন্যাশনাল সেন্টারের বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তানের সঙ্গে কেরির আলোচনার পর তাদের অবস্থান এটা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র এখনই ড্রোন হামলা বন্ধ করবে না। পাশাপাশি ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী তুলে নেয়ার আগে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পাকিস্তান বহুদিন থেকেই বিনা অনুমতিতে মার্কিন ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ও তাদের দাবি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা অব্যাহত রেখেছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ড্রোন হামলায় প্রায় তিন হাজার ৪৬০ জন নিহত হয়েছে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইসলামের প্রধান ইমরান খান মার্কিন ড্রোন হামলা বন্ধের জন্য অনেক আগে থেকেই সোচ্চার।