বিভিন্ন দেশের কারাগার ভেঙে আল-কায়েদা জঙ্গিদের পালানোর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশ ফ্রান্স এবং ব্রিটেন। দেশগুলো তাদের নাগরিকদেরকে বিশ্ব ভ্রমণে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভ্রমণে বিশেষভাবে সতর্কতা জারি করেছে। শনিবার বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা, ইন্টারপোলও। সংস্থার ১৯০টি সদস্য দেশকেও সম্ভাব্য জঙ্গি আক্রমণের বিষয়ে কড়া নজরদারি করার পরামর্শও দেয়া হয়েছে।
গত ৩১ জুলাই তালেবানরা পাকিস্তানের একটি সুরক্ষিত কারাগারে হামলা চালিয়ে শতাধিক বন্দিকে মুক্ত করে। ২২ জুলাই ইরাকের আবু গারিব কারাগারেও হামলা চালিয়ে প্রায় ৫০০ আল-কায়েদা জঙ্গিকে মুক্ত করে আল-কায়েদার ইরাক শাখা। ইরাকের কারাগার থেকে পালিয়ে যাওয়াদের মধ্যে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন। অন্য এক ঘটনায় ২৭ জুলাই ব্রাজিলের কারাগার থেকেও ১১শ’র বেশি কয়েদি পালিয়ে যায়। দেশটিও ইন্টারপোলের সদস্য।
ইরাকের কারাগার ভাঙার পর আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি বুধবার যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার থেকেও তাদের বন্দিদের মুক্ত করার ঘোষণা দিয়েছেন। কোন প্রক্রিয়ায় তারা বন্দিদের মুক্ত করবে তা না জানালেও অতীতে পশ্চিমা নাগরিকদের অপহরণ করে কারাবন্দি সঙ্গীদের মুক্তির জন্য ব্যবহার করেছিল আল-কায়েদা। ইন্টারপোল সমপ্রতি ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানের কয়েকটি কারাগার ভেঙে ইসলামি জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনার পেছনে জঙ্গি সংগঠন আল-কায়েদা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে। কারাগার ভাঙার ঘটনা সম্পর্কিত তথ্যগুলো পর্যবেক্ষণ করতে এবং জঙ্গিরা অন্য কোথাও সংঘবদ্ধ হচ্ছে কিনা তা দেখতে সদস্য দেশগুলোকে অনুরোধ করেছে পুলিশের আন্তর্জাতিক এই সংস্থাটি। এদিকে একই কারণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিশ্ব ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগস্ট মাসের কোনো এক সময় মার্কিন নাগরিকরা বড় ধরনের হামলার শিকার হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে দেশটির কাছে। এছাড়া হামলার আশঙ্কায় ২১টি মুসলিম দেশে রোববার মার্কিন দূতাবাস বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইয়েমেনও সেনাবাহিনীর একদল সদস্য দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে ব্যর্থ হামলা চালানোর পর সেদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
