আটক ব্রাদারহুড নেতাদের দেখতে গেলেন কূটনীতিকরা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:১৫
মিসরে কারাগারে আটক মুসলিম ব্রাদারহুডের শীর্ষ এক নেতার সঙ্গে দেখা করেছেন সফররত পশ্চিমা ও আরব প্রতিনিধিরা। প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতিতে সৃষ্ট সঙ্কট সামাল দিতে আন্তর্জাতিক এই প্রতিনিধিরা এখন মিসরে অবস্থান করছেন। মিসরের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এমইএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার কারাগারে গিয়ে ওই ব্রাদারহুড নেতার সঙ্গে দেখা করেন প্রতিনিধিরা। এমইএনএ আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিচায় প্রকাশ না করলেও এই প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দূতরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে উল্লেখিত দেশগুলোর প্রতিনিধিদের সফরের কথা অস্বীকার করেছিল মিসর সরকার। সোমবার প্রথম প্রহরে ব্রাদারহুডের দ্বিতীয় শীর্ষ নেতা খাইরাত আল সাত্তারের সঙ্গে দেখা করেন তারা। প্রধান সরকারি আইন কর্মকর্তার অনুমতি পাওয়ার পর বন্দি এই নেতার সঙ্গে দেখা করতে তারা রাজধানী কায়রোর দক্ষিণে তোরা কারাগারে যান। এ বিষয়ে এমইএনএ আর বিস্তারিত কিছু না জানালেও আল-জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে ওই বৈঠক হয়েছে বলে জানানো হয়েছিল।