সিরিয়ার পার্বত্যাঞ্চলে সংঘর্ষে নিহত ৩০

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:১৫
সিরিয়ার জাবাল আকরাদ পার্বত্যাঞ্চলে বিদ্রোহীদের সাথে সরকার বাহিনীর সংঘর্ষে উভয় গ্রুপের ৩০ জন নিহত হয়েছে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক দল জানিয়েছে, সংঘর্ষে ১২ জন বিদ্রোহী এবং আসাদ সমর্থক ১৮ জন নিহত হয়েছে। -খবর ডন ডটকমের। রবিবার ভোরে বিদ্রোহীরা আলাওয়াত অধ্যুষিত গ্রামগুলোতে হামলা চালায়। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বারুদা গ্রামের একটি সেনা টাওয়ার দখল করে আল-কায়েদা সংশ্লিষ্ট একজন ইসলামিক নেতা তাদের পতাকা উত্তোলন করছে। লাটাকিয়া প্রদেশের থেকে একজন জানিয়েছে, লাটাকিয়ার পূর্বাঞ্চলে পাহাড় ঘেরা ঐ এলাকায় রবিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সারাদিনই গোলাবর্ষণ ও সরকার বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সের শব্দে পুরো এলাকা সরগরম হয়েছিল। এদিকে সিরিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো রবিবার জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট দামাস্কাসের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, সিরিয়ার সাথে সম্পর্ক জোরালো করতে ইরান বদ্ধপরিকর। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সিরিয়ার সাথে একসাথে কাজ করবে।