দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুত্ অফিসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার এবং অবিলম্বে নতুন সংযোগ প্রদানের দাবিতে বিক্ষুব্ধ জনতা গত রোববার সকালে ঘন্টাব্যাপী দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। ইউএনওর সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
নতুন সংযোগ প্রদান এবং বীরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুত্ অফিসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার চেয়ে বীরগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড এবং সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের কয়েকশ’ বিক্ষুব্ধ নারী-পুরুষ সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পৌর এলাকার শালবনের সম্মুখ মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধে দু’পার্শ্বে বিপুল সংখ্যক যানবাহন আটকে থাকায় তীব যানজটের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আরজু আরা বেগম ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহার করে আলোচনায় বসার আহবান জানান। বিক্ষুব্ধ জনতা পরে অবরোধ প্রত্যাহার করে ইউএনও কার্যালয়ে এক বৈঠকে যোগদান করে। বৈঠকে কর্তৃপক্ষ আগামী ৩১ আগষ্টের মধ্যে সকল দাবি পূরণের আশ্বাস প্রদান করে।
