কাশ্মির অঞ্চলে পাকিস্তানের সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় এক হামলায় ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের নতুন সরকার গঠিত হওয়ার পর বিবদমান দুই দেশই যখন ভেস্তে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে অগ্রসর হচ্ছে ঠিক তখনই এই ঘটনা ঘটল। চলতি বছরের জানুয়ারিতে সীমান্তে হামলা চালিয়ে ভারতীয় এক সেনাকে শিরশ্চেদে হত্যা করার জেরে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইটারে বলেন, “সকালে জানতে পারলাম আমাদের ৫ সেনা নিহত হয়েছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শোক জ্ঞাপন করছি।” এ ঘটনা হিমালয় অঞ্চলে পাকিস্তান নিয়ন্ত্রিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ভারতের উপ স্বরাষ্ট্রমন্ত্রী আরপিএন সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “এটা সত্যিই অপ্রত্যাশিত ঘটনা। যদি পাকিস্তান ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চায় তবে এটা সেই পথ নয়।” পাকিস্তান ও ভারতের কর্মকর্তারা এর আগে জানিয়েছে, সম্ভবত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠক করবেন। ভারত অভিযোগ করে আসছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান।
কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানিয়েছে, তারা কাশ্মিরের জনগণকে নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।
