আল কায়েদা নেতাদের গোপন বার্তা ধরেই মার্কিন সতর্কতা

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৯
আল কায়েদার দুই শীর্ষ নেতার মধ্যে বার্তা বিনিময়ের সূত্র ধরে সন্ত্রাসী হামলার আশংকায় রবিবার বিশ্বের অনেকগুলো দেশে দূতাবাস বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনের সূত্রে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, ঐ বার্তায় হামলার কোনো নির্দিষ্ট লক্ষ্যের ইঙ্গিত পাওয়া না গেলেও বড় ধরনের হামলা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গিয়েছিল। আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এবং ইয়েমেনে সংগঠনটির প্রধান নাসের আল বুহাইশির মধ্যকার ঐ বার্তায় নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলার ছক নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে জাওয়াহিরির বার্তাটি উদ্ধার করা হয়েছিল যাতে হামলার প্রাথমিক লক্ষ্যস্থল হিসেবে ইয়েমেনের কথা বলা হয়েছিল। আল কায়েদার বড় ধরনের হামলার ছকটি কার্যকর করার পর্যায়ে ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার বিশ্বের ২১টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখা হয়। সোমবার কয়েকটি মিশন খুললেও নতুন করে কয়েকটি দূতাবাস ওই তালিকায় যুক্ত করে মোট ১৯টি কূটনৈতিক মিশন পুরো সপ্তাহই বন্ধ রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ সিদ্ধান্তের ফলে আবুধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলির দূতাবাস ও কূটনৈতিক মিশন আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে, যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং কানাডাও বিভিন্ন দেশে সাময়িকভাবে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি নিজেদের নাগরিকদের ইয়েমেনে না যাওয়ারও পরামর্শ দিয়েছে।