পাকিস্তানের করাচিতে ফুটবল স্টেডিয়ামে বোমা বিস্ফোরণে ১১ শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২৬ জন। এছাড়া বেলুচিস্তানে অস্ত্রধারীরা গুলি করে ১১ বাসযাত্রীসহ ১৩ জনকে হত্যা করেছে।
বুধবার করাচির লাইয়ারি এলাকার দুটি স্থানীয় ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণী শেষে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমাটি বিস্ফোরণ ঘটানো হলে দর্শক সারিতে বসে থাকা ঐ সব শিশু হতাহত হয়।—খবর আল জাজিরার।
পুলিশ কর্মকর্তা তারিক দারেজা বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমাটি স্টেডিয়ামের বাইরে পার্ক করা একটি মোটর বাইকে স্থাপিত ছিল। প্রাদেশিক পরিষদের সদস্য জাভেদ নাগোরিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হলেও তিনি অক্ষত রয়েছেন। তবে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মঙ্গলবার ভোরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অস্ত্রধারীদের গুলিতে ১১ বাস যাত্রী এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। বেলুচিস্তানের বোলান জেলার কাছে মাচ এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।—খবর ডন ডটকমের।
বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানি জানান, বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা প্রথমে রাস্তা অবরোধ করে একটি টহলগাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর ৫ সদস্যকে আটক করে অস্ত্র কেড়ে নেয়। এরপর তারা দুটি পাঞ্জাবগামী বাস আটক করে ১১ জন শ্রমিককে নামিয়ে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে রকেট ছুঁড়তে থাকে। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন। অস্ত্রধারীরা পরবর্তীতে অপহূত যাত্রীদের পাহাড়ের কাছে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।
