হিরোশিমায় পরমাণু বোমা হামলার বার্ষিকীতে ব্যাপক সমাবেশ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:০৯
মঙ্গলবার হিরোশিমায় আমেরিকার পরমাণু বোমা হামলার ৬৮তম বার্ষিকী পালনে হাজার হাজার লোক নগরীর পিস মেমোরিয়াল পার্কে সমবেত হয়। জাপানে পরমাণু বিরোধী মনোভাব অত্যন্ত বেড়ে গেছে। ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ঝুঁকিপূর্ণ অবস্থায় নতুন করে পারমাণবিক দূষণযুক্ত পানি নির্গত হওয়ায় এবং জাপানে ২০১১ সালে পরমাণু কেন্দ্র বিপর্যয়ের পরে পরমাণু শক্তির ব্যাপারে আতঙ্ক আরো তীব্র হওয়ায় ঘটনার মধ্যে এই বার্ষিকী পালিত হচ্ছে। হিরোশিমায় পরমাণু বোমা হামলায় বেঁচে থাকা বয়স্ক ব্যক্তিরা, আত্মীয়-স্বজন, সরকারি কর্মকর্তা এবং বিদেশি প্রতিনিধিরা সকাল সোয়া ৮টায় (সোমবার গ্রিনিচমান সময় ২৩১৫) নীরবতা পালনের মাধ্যমে পরমাণু বোমা বিস্ফোরণের মুহূর্তটি স্মরণ করেন। এ হামলায় জাপানের পশ্চিমাঞ্চলের এ নগরীর পরমাণু অগ্নিকুণ্ডে পরিণত হয়। হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই অনুষ্ঠানে বলেন, বিশ্বকে শান্তিপূর্ণ করে তুলতে এবং পরমাণু বোমার দুষ্টচক্র নির্মূলে সব ক্ষমতা কাজে লাগানোর অঙ্গীকারের মাধ্যমে আমরা পরমাণু বোমায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমেরিকার একটি বি-২৯ যুদ্ধ বিমান ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে একটি অন্যতম ঘটনা। ওই বছর ডিসেম্বর নাগাদ এই বোমা হামলায় আনুমানিক ১ লাখ ৪০ হাজার লোক নিহত হয়।