প্যানাসনিক মোবাইলের অবসান

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৬
দীর্ঘদিন থেকেই গুঞ্জন ছিল, অবশেষে তা সত্যিতে পরিণত হয়েছে । আর তা হলো, মোবাইলের বাজার থেকে সরে দাঁড়াচ্ছে প্যানাসনিক। জাপানের সংবাদসংস্থা কিয়োডো’র তথ্য অনুযায়ী, জাপানের মোবাইল অপারেটর এনটিটি ডোকোমোকে প্যানাসনিক জানিয়ে দিয়েছে, তারা আর ডোকোমো’র জন্য মোবাইল হ্যান্ডসেট সরবরাহ করবে না। প্যানাসনিক মোবাইল কেবল ডোকোমোই বিক্রি করত গ্রাহকদের কাছে। আসছে শীতকাল থেকে আর এই সুযোগ পাবে না তারা। স্যামসাং এবং সনির মতো জায়ান্টদের স্মার্টফোনের বাজারের অবস্থানের সাথে পেরে উঠছে না বলেই এই সিদ্ধান্ত গ্রহণ করছে প্যানাসনিক। অবশ্য এই পরিস্থিতিতে প্যানাসনিকই প্রথম পড়েনি। এর আগে জাপানের আরেক মোবাইল ফোন নির্মাতা এনইসিও নিজেদের সরিয়ে নিয়েছে মোবাইলের বাজার থেকে। আর প্যানাসনিক ২০০৬ সালেই ইউরোপের মোবাইল বাজার থেকে নিজেদের সরিয়ে নেয়। ২০১২ সালে তারা একমাত্র অ্যান্ড্রয়েড হিসেবে ‘ইলুগা’ বাজারে ছাড়লেও সেটা সাড়া ফেলতে ব্যর্থ হয়।