দারফুরে দুই আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষে ১১১ জন নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২০:৫৭
সুদানের দারফুরে দু’টি আদিবাসী গোষ্ঠীর লোকজনের মধ্যে ভূমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১১১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো কয়েকশ’ মানুষ। আদিবাসী গোষ্ঠীসূত্রে জানা গেছে, রেজিগাত ও মালিয়া গোষ্ঠীর লোকজনের মধ্যে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অব্যাহত সংঘর্ষে উভয় পক্ষের এসব হতাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আদিবাসী গোষ্ঠীর এক ব্যক্তি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজিগাত গোষ্ঠীর হাজারো সদস্য তাদের প্রতিদ্বন্দ্বী মালিয়া গোষ্ঠীর ওপর হামলা চালায়। রেজিগাত গোষ্ঠীর এক নেতা আইদাম আবু বকর টেলিফোনে রয়টার্সকে জানান, শুক্রবার ও শনিবারের সংঘর্ষে রেজিগাত গোষ্ঠীর ৪১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯০ জন। অন্যদিকে মালিয়া গোষ্ঠীর ৭০ জন নিহত হয়েছে। রবিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দারফুরের আদিলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঐদিন আদিলা ছাড়াও অন্যান্য অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের চিকিত্সার জন্য বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অ-আরব বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে খার্তুম আরব আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সে অস্ত্র আজো তাদের হাতে রয়েছে। এখন তারা আধিপত্য বিস্তার কিংবা সম্পদের নিয়ন্ত্রণের জন্য সেসব অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ২০০৩ সালে বিদ্রোহীরা ক্ষমতাসীন আরব সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলে আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। এরপর থেকেই দেশটি অশান্ত হতে শুরু করেছে। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে উত্তর দারফুরে একটি সোনার খনির দখল নিয়ে দুই আরব আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। দারফুরে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের শান্তি মিশনের হিসাব মতে, এবছর আদিবাসী গ্রুপগুলোর মধ্যে দাঙ্গায় প্রায় তিন লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।