মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলের অদূরে বনেদি মার্থা’স ভাইনইয়ার্ডে তার গ্রীষ্মকালীন অবকাশ যাপন শুরু করেছেন। ওবামা ও তার স্ত্রী মিশেল ওয়াশিংটন থেকে হেলিকপ্টারে করে আট দিনের অবকাশ যাপনের জন্য দ্বীপটিতে অবতরণ করেন। ওবামার মোটর বহরটি চিলমার্ক গ্রামের সুরক্ষিত ভাড়া করা বাড়িটির দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ভিড় করে তাকে একনজর দেখার চেষ্টা করেন। এয়ারফোর্স ওয়ান বিমানে হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি তিনি তার পরিবারের সঙ্গে তার ফার্স্ট লেডির সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে চাচ্ছিলেন। আমি নিশ্চিত তিনি কিছু বন্ধু-বান্ধবের সঙ্গেও দেখা-সাক্ষাত্ করবেন।’
কার্নি বলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুসান রাইস ও ডেপুটি চিফ অব স্টাফ রব নেবর্সও এ সফরে ওবামার সঙ্গে রয়েছেন। ১৮ আগস্ট এ অবকাশ শেষ হবে। কার্নি বলেন, অবকাশ যাপনকালে ওবামার প্রকাশ্যে কোনো অনুষ্ঠান নেই। তবে বলা কঠিন সংবাদ সৃষ্টির মতো ঘটনা ঘটতেও পারে। তিনি বলেন, অবকাশ যাপনকালে ওবামাকে দৈনিক ভিত্তিতে ব্রিফ করা হবে।
