ইউরোপে মানব পাচারকারী বড় চক্র গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২০:৫৭
ইউরোপে মানব পাচারকারী বড় একটি চক্র ধরা পড়েছে। চক্রের কাছ থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। স্পেন ও ফ্রান্স থেকে দু’দেশের পুলিশ এই চক্রের মোট ৭৫ জনকে আটক করেছে। এরা মূলত চীন থেকে মানুষ পাচার করে ইউরোপে আনত।—খবর বিবিসি’র। এই চক্রের হোতারা স্পেনের বার্সিলোনা শহর থেকে তাদের কাজ চালিয়ে যেত। পুলিশ সর্বমোট স্পেনের ৫১ জনকে এবং ফ্রান্সে ২৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে একটি বিরাট পাচার চক্র সংগঠনের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে তারা ভুয়া পরিচয়পত্র তৈরি করার এবং স্পেনের মত দেশগুলোতে তাদের ঢোকার ব্যবস্থা করার জন্য চীনা অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ৪০ থেকে ৫০ হাজার ইউরো পর্যন্ত নিত। এরপর স্পেন থেকে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই চালান করা হতো ইউরোপের অন্যান্য দেশ যেমন ব্রিটেন এবং আমেরিকায়। এইভাবে ইউরোপ ও আমেরিকায় পাচার হওয়া চীনাদের কাউকে কাউকে যৌন ব্যবসাতেও জড়িত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ অভিযানের সময় কর্মকর্তারা ৮১টি জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে।