ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দু’হাজার কিলোমিটার পূর্বের ছোট্ট পালু দ্বীপে মাউন্ট রকাটেন্ডা আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে অন্তত ৬ জন নিহত হয়েছে। শনিবার সকালের দিকে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসে উত্তপ্ত লাভা। বাতাসে প্রায় ২ হাজার মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়া আর ছাই।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উত্তপ্ত ছাইয়ে নিহতদের দুইজন শিশু এবং তিনজন প্রাপ্ত বয়স্ক মানুষ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ষষ্ঠজনের বয়স সম্পর্কে কিছু জানা যায়নি। গত বছর থেকেই আগ্নেয়গিরিটি গর্জন করছিল। তখন থেকেই অগ্ন্যুত্পাতের আশঙ্কায় ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয় শ’ শ’ মানুষকে। পলু দ্বীপে ১০ হাজার মানুষের বাস। ইন্দোনেশিয়ার ‘ভলক্যানোলোজি এজেন্সির মুখপাত্র সুরোনো বলেন, শনিবার ভোরে অগ্ন্যুত্পাত শুরু হয়ে চলে ৪ ঘন্টা পর্যন্ত। আরো অগ্ন্যুত্পাতের আশঙ্কায় গ্রামবাসীকে ওই এলাকা থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে।
