ভারত শাসিত কাশ্মীরে ক্রমবর্ধমান সামপ্রদায়িক উত্তেজনার মুখে ছ’টি জেলায় কারফিউ জারি রয়েছে। ঈদের দিন থেকে ঐ রাজ্যে হিন্দু-মুসলমান দাঙ্গায় বেশ ক’জন নিহত হয়েছে। দাঙ্গা বন্ধ করার লক্ষ্যে সেনাবাহিনী সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় কুচকাওয়াজ করে শক্তি প্রদর্শন করেছে। শ্রীনগরের দুশো কিলোমিটার দক্ষিণ-পূর্বে কিশটওয়ার শহরে সৈন্যরা গাড়িতে করে টহল দিচ্ছে।—খবর বিবিসি’র।
শুক্রবার সেখানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দু’পক্ষই আগ্নেয়াস্ত্র, পাথর এবং লাঠি দিয়ে হামলা চালায়। শহরের কয়েকটি দোকান, দুটি হোটেল এবং একটি গ্যাস স্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবরে বলা হচ্ছে ঈদের নামাজের পর মুসলিমরা ভারত বিরোধী শ্লোগান দিলে হিন্দুরা তাতে আপত্তি করে। এর পরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কর্মকর্তারা বলছেন সেখানকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
এদিকে ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর কার্যকর যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ভারত বলছে, পাকিস্তান সেখানে বন্দুক এবং মর্টারের গোলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে। পাকিস্তান বলছে, ভারতের গোলাবর্ষণে একজন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
