স্নোডেনকে দেখতে রাশিয়ায় যাবেন তার পিতা লন

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২০:২৮
যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁসকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে দেখতে শিগগিরই রাশিয়া যাবেন তার পিতা লন স্নোডেন। রাজনৈতিক আশ্রয় পেয়ে এডওয়ার্ড স্নোডেন বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। লন রাশিয়ার ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্রুস ফেইন। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কে এক টেলিভিশন অনুষ্ঠানে লন ও ব্রুস একত্রে উপস্থিত হয়েছিলেন, সেখানেই ব্রুস এ কথা জানান বলে বিবিসি জানিয়েছে। অনুষ্ঠানে লন তার পুত্র স্নোডেনকে দেশে ফিরিয়ে আনার আগ্রহের কথা জানান। স্নোডেনের সঠিক বিচার নিশ্চিত করতে এটি করা দরকার বলে তিনি মনে করেন। তিনি দাবি করেন, তার পুত্র “সত্য কথা বলে বিরাট ত্যাগ স্বীকার করেছেন”। পরিকল্পিত মস্কো সফর সম্পর্কে ফেইন বলেন, “আমরা ভিসা পেয়েছি, আমরা একটি দিনও নির্দিষ্ট করেছি, তবে পরিস্থিতিগত কারণে এখন তা প্রকাশ করছি না।” ফোন ও ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন।