ভারতের বিরুদ্ধে কাশ্মীরে বেসামরিক লোক হত্যার অভিযোগ পাকিস্তানের

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২০:২৯
ভারত কাশ্মীরে ‘বিনা উস্কানিতে’ গুলি চালিয়ে এক বেসামরিক লোককে হত্যা করেছে বলে সোমবার অভিযোগ করেছে পাকিস্তান। কাশ্মীর উপত্যকায় পরমাণু অস্ত্রধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে আবার উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুটি সীমান্তে গুলি বিনিময়ের জন্য একে অপরকে দায়ী করে আসছে। উপত্যকাটিতে দুটি দেশই সৈন্য মোতায়েন জোরদার করেছে। পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) হিসেবে পরিচিত কার্যত সীমান্তের তিনটি এলাকায় ভারতীয় সৈন্যরা সোমবার ভোররাতে বিনা উস্কানিতে গুলি চালালে সর্বশেষ ঘটনাটি ঘটে। বিনা উস্কানিতে ভারতীয় সৈন্যরা গুলিবর্ষণ করলে এক বেসামরিক লোক নিহত হয় উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পাকিস্তানী সৈন্যরা ভারতের হামলার সমুচিত জবাব দিয়েছে।’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ.কে. অ্যান্টনি বৃহস্পতিবার জানান, গত সোমবার রাতের আঁধারে বিনা উস্কানিতে আকস্মিক হামলা চালিয়ে পাঁচ ভারতীয় সৈন্যকে হত্যার জন্য দিল্লি¬ পাকিস্তানকে অভিযুক্ত করেছে। পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের সঙ্গে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে উভয় পক্ষের প্রতি ১০ বছরের অস্ত্র বিরতি বহাল রাখার আহ্বান জানিয়েছেন। সামপ্রতিক ঘটনাগুলো প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিদ্যমান এই অস্ত্র বিরতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব সীমান্ত চৌকিতে গুলিবর্ষণের জন্য পাকিস্তান রবিবার ভারতকে অভিযুক্ত করে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে দুটিই হয় কাশ্মীরকে কেন্দ্র করে।