এ বছর হজ্ব ব্যবস্থাপনায় সকল ত্রুটি-বিচ্যুতি এড়িয়ে যাত্রীরা যেন তাদের দেশে অসহায় বোধ না করেন এবং নির্দিষ্ট সময়ে তারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে- সে ব্যবস্থা নিশ্চিত করতে সকল এয়ারলাইনসকে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিএসিএ। অন্যথায় বিমানের ঐসব নির্দিষ্ট ফ্লাইটগুলোকে নিষিদ্ধ করা হবে বলে দেশটির একটি গণমাধ্যম বার্তায় গত সোমবার একথা জানানো হয়। — খবর ডন ডটকমের।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এয়ারলাইনসগুলোর প্রাত্যহিক কার্যক্রম, হজ্বযাত্রীদের নামের তালিকা এবং তাদের ফিরে যাওয়ার সময়সূচি সরকারের নিকট জমা দিতে হবে। যাত্রীদের ফিরিয়ে নিতে ব্যর্থ হলে অথবা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা দিলে কর্তৃপক্ষ তাদেরকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেবে। জরিমানাও আরোপ করা হবে। সব এয়ারলাইনকে এ সংক্রান্ত খবর পাঠানো হয়েছে। তাছাড়া যেকোন ধরনের বিশৃঙ্খলার ক্ষেত্রেও জরিমানা আদায় করা হবে। ইউরোপীয় বিমান চলাচল নিরাপত্তা সংস্থার মাধ্যমে কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা রাখা হবে। এছাড়া এয়ারলাইনগুলো তাদের কার্যক্রম যথাযথভাবে পালন না করলে ঐ সংস্থার মাধ্যমে তাদের কালো তালিকভুক্ত করা হবে।
