বৈদ্যুতিক রাস্তা
দক্ষিণ কোরিয়ার এক শহরে সমপ্রতি একটি ‘ইলেকট্রিফায়েড রোড’ বা বিদ্যুতায়ন করা সড়কের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। রাস্তার নিচে কিছু বৈদ্যুতিক তার ঢুকানো হয়েছে, আর বাসের নিচেও লাগানো হয়েছে কিছু যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি দিয়ে মাটির নিচে থাকা তারগুলো থেকে বাসগুলো নিজেদের ব্যাটারি চার্জ করতে পারবে। রিচার্জ করা ব্যাটারি দিয়ে গাড়ি চলবে, অথবা ভবিষ্যতের জন্য তা সংরক্ষিত থাকবে। বর্তমানে ২৪ কিলোমিটার রাস্তার বিদ্যুতায়ন করা হয়েছে। —এএফপি
রসিক কম্পিউটার
হাসির গল্প শোনাতে সক্ষম কম্পিউটার উদ্ভাবনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবরার বিজ্ঞানীরা চমকপ্রদ বিষয়টি নিয়ে গবেষণার কথা জানিয়েছেন। হাসির গল্প শোনানোর মতো সফটওয়্যার তৈরির কথা জানিয়েছেন তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ধরনের গল্প শুনে অনেকেই হেসেছেন। গবেষকদলের অন্যতম বিজ্ঞানী ডেভিড ম্যাথিউস বলেন, স্বেচ্ছাসেবীরা যখন পিসি থেকে কৌতুক শুনেছিলেন তখন তারা হেসেছেন। — ইয়াহু নিউজ
প্রযুক্তি ভিক্ষুদের
জন্য কাল!
ভুটানের মঠ ব্যবস্থা তথা বৌদ্ধধর্মীয় নেতাদের প্রভাব কমে আসছে। একটা সময় ছিল যখন তাঁরা সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কিন্তু টেলিভিশন, স্মার্টফোনসহ আধুনিক সব প্রযুক্তির আবির্ভাবে দিন দিন তাঁদের প্রভাব কমে যাচ্ছে। ১৯৯৯ সালে ভুটানে টেলিভিশনের আবির্ভাব ঘটে। এরপর থেকে সেখানকার সমাজে বিশেষ পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেমন- ভুটানের ইতিহাসবিষয়ক বইয়ের লেখক ও সাবেক বৌদ্ধ ভিক্ষু কর্ম ফুনেসা বলছেন, ধর্মীয় রীতি পালনের বিষয়টিও দিনদিন কমে যাচ্ছে। —এএফপি
চেন্নাই এক্সপ্রেস
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ভারতের চলচ্চিত্র জগতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি মাত্র তিনদিনেই একশ’ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারন আদর্শ তার টুইটারে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে চেন্নাই এক্সপ্রেস প্রথম সপ্তাহান্তেই একশ’ কোটি রুপি আয় করেছে। — টাইমস অফ ইন্ডিয়া
