আফগান পার্লামেন্টের একজন মহিলা সদস্যকে অজ্ঞাতনামা একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করেছে। আফগানিস্তানে বিশিষ্ট নারীরা যে জঙ্গিদের টার্গেট হচ্ছেন এটি তার সর্বশেষ উদাহরণ। বুধবার সরকারি কর্মকর্তারা একথা জানান। এএফপি’র খবরে বলা হয়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে শনিবার বন্দুকের মুখে পার্লামেন্ট সদস্য ফারিবা আহমাদি কাকার এবং তার তিন শিশুকে অপহরণ করা হয়। এসময় তারা প্রধান মহাসড়ক হয়ে কান্দাহার নগরী থেকে কাবুল যাচ্ছিলেন।
গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মাদ আলী আহমাদি এএফপিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে তার তিন শিশুকে উদ্ধার করেছে। তবে তাদের মাকে অন্য কোন স্থানে বন্দি রাখায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ পার্লামেন্ট সদস্যকে উদ্ধারে আমরা তত্পরতা অব্যাহত রেখেছি।’
এই অপহরণ ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের নামের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লে¬খ না করে তিনি আরো বলেন, ‘তার মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে শহরের মুরব্বিরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
গজনি ও কান্দাহারের আরো অনেক সরকারি কর্মকর্তা এই অপহরণের খবর নিশ্চিত করেছেন। এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্ল¬াহ মুজাহিদ সংবাদ সংস্থাকে বলেন, তিনি এই অপহরণের ব্যাপারে কিছুই জানেন না।
