প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাবসহ বেশ কয়েকটি অঞ্চল। বুধবার নদীর পানি বেড়ে যাওয়ায় শহরাঞ্চলগুলোতে দেখা দিয়েছে বন্যা। দেশজুড়ে নিহত হয়েছে বেশকিছু মানুষ। এছাড়া খাদ্যশস্যসহ সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন।—খবর ডন ডটকমের।
গুজরানওয়ালা-শিয়ালকোট অঞ্চলে উপনদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেইসাথে বিস্তীর্ণ এলাকাজুড়ে নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল। আরো জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে যে, বৃহস্পতিবার কখনো কখনো মারালায় চেনাব নদীর পানি ৪ লাখ থেকে ৫ লাখ কিউসেকে উন্নীত হতে পারে। এ ঘোষণার পর গৃহ ছেড়ে আসা মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে উদ্যোগ নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে লাহোরে তীব্র বৃষ্টিতে রাস্তাগুলো যেন ছোট নদীতে পরিণত হয়েছে। নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে। শহরের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। তাছাড়া স্বাধীনতা দিবসের নানা কর্মসূচিও ভেস্তে গিয়েছে। লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত এবং ফয়সালাবাদ অঞ্চলে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ও রেল চলাচল ব্যাহত হয়। এসব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিদ্যুত্ সরবরাহে ব্যাঘাত ঘটে।
