৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গতকাল বৃহস্পতিবার নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। ‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য’ শ্লোগানে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে জাতীয় শোক দিবসের ২ দিনের অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে—আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শোকগাঁথা সঙ্গীত, নৃত্যনাট্য। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস ও সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন—তিমির নন্দী, আবু বকর সিদ্দিকী, শিবু রায়, হাসিনা মমতাজ, সালমা চৌধুরী, সামিনা চৌধুরী, ইয়াসমিন আলী, লিয়াকত আলী লাকী প্রমুখ। সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল ও আওয়ামী শিল্পী গোষ্ঠী। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন—মহাদেব সাহা, কাজী রোজী, রুবী রহমান, কামাল চৌধুরী ও আলম তালুকদার। আবৃত্তি করেন আশরাফুল আলম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, হাসান আরিফ, মাহিদুল ইসলাম, কৃষ্টি হেফাজ, আহ্কামউল্লাহ ও কাজী বুশরা আহমেদ তিথী। সবশেষে পরিবেশিত হয় লিয়াকত আলী লাকীর রচনা ও নির্দেশিত নাটক ‘মুজিব মানে মুক্তি’।
এর আগে বিকালে জাতীয় চিত্রশালা গ্যালারিতে শিল্পী আব্দুল মান্নান, সুকুমার বাগচী, বিপুল কুমার মালো, আবু কালাম শামসুদ্দিন, সঞ্জয় দত্ত, রবিউল ইসলাম, জি সি ত্রিবেদী, আনিসুজ্জামান সোহেল, দুলাল চন্দ্র গাইনসহ বঙ্গবন্ধুর ওপর আঁকা ১০০ জন শিল্পীর ১০০টি চিত্র নিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী। এছাড়া দুপুরের পর একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেখানো হয় ৪টি প্রামাণ্যচিত্র—চিরঞ্জীব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জাপান সফর, অসামান্য মহাকাব্য ও এ স্টাট ইজ বর্ন।
জাতীয় কবিতা পরিষদ
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে গতকাল বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে কবিতা পাঠের আসরে স্বরচিত কবিতা আবৃত্তি করেন—সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নূহ আলম লেনিন, মুহাম্মদ সামাদ, কাজী রোজী, আনোয়ারা সৈয়দ হক, শ্যামসুন্দর সিকদার, আয়াত আলী পাটোয়ারি, আনজির লিটন প্রমুখ।
