কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যদিয়ে নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষে গুলি বিনিময় চলছেই। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-পাকিস্তানের মিষ্টি বিতরণের প্রথা ভেঙে চলছে এ সংঘর্ষ। -খবর রয়টার্স ও ডনের।
বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের গুলিবিনিময়ে পাকিস্তানের অংশে দুই বালিকাসহ সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। অন্যদিকে, ভারতীয় অংশে আহত হয়েছে তিন গ্রামবাসী। দুই দেশের পুলিশ ও সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন। পাকিস্তানের দক্ষিণ কোথ জেলার জেলা প্রশাসক মাসুদুর রহমান পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বাতোল, ল্যানজোর, বালাকোট এবং দক্ষিণ কোথের নাকিয়াল সেক্টরের ধেরি দাবসি গ্রামগুলোতে অস্ত্রবিরতি লঙ্ঘন করা হয়েছে। এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্বাধীনতা দিবসের বার্তায় পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আমাদের শান্তির প্রতিশ্রুতি অক্ষুণ্ন আছে। কিন্তু আমাদের ধৈর্যেরও সীমা আছে’। গত ৬ আগস্ট পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় পাঁচ ভারতীয় সেনা নিহতের পর থেকে দুই দেশ গুলিবিনিময় করে যাচ্ছে। মঙ্গলবার সকালে ভারত জম্মু এলাকায় পাকিস্তানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে।
বুধবার পাকিস্তান সীমান্ত থেকে একদল বন্দুকধারীর ভারতে প্রবেশের চেষ্টা ঠেকাতে সেনারা সীমান্তে গুলি চালিয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এর আগে পাকিস্তান তাদের সীমান্তে ভারতের ছোঁড়া গুলিতে একজন নিহত হওয়ার অভিযোগ করে এবং এর প্রতিবাদ জানাতে ভারতীয় উপ-হাইকমিশনারকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। এদিকে, দু’পক্ষে এ উত্তেজনার কারণে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠককে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
