বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ৩৪

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৪
ইরাকের রাজধানী বাগদাদে কয়েকদফা গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। পুলিশের দেয়া তথ্যানুযায়ী, বাগদাদের কেন্দ্রস্থল ও শিয়া এলাকাসহ পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে এ বোমা হামলা চালানো হয়। দেশটির বাকুবা শহরে পেতে রাখা দু’টি বোমার বিস্ফোরণে ১৪ জন নিহতের ঘটনার পর এ হামলা হল। পুলিশের কয়েকটি সূত্র জানায়, বাগদাদের গ্রিন জোনের মাত্র ২০০-৩০০ মিটার দূরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত এবং ১২ জন আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “কাপুরুষ সন্ত্রাসীরা বাগদাদের ৭টি এলাকায় নিরস্ত্র জনতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে”। এতে ৩ জন নিহত এবং ৪৪ জন আহত হওয়ার কথা জানায় মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বালাদিয়াতে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা হামলায় নিহত হয় ৫ জন, আহত হয় ১৭ জন। আল-সুরতা আল-রাবায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক্টরে বোমা বিস্ফোরণে নিহত হয় ৪ জন এবং আহত হয় ১৮ জন। বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় হুসেইনিয়ায় এক মিনিবাসে বোমার বিস্ফোরণ ঘটালে ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়। বাগদাদের উত্তরে খাদামিয়ায় একটি বাস স্টেশনে আরেকটি বোমা হামলায় নিহত হয় ৬ জন। গত সপ্তায় একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা। ঐ হামলায় বহু সংখ্যক মানুষ হতাহত হয়। গত ৫ বছর ধরে ইরাকে বোমা হামলাসহ সহিংসতার ঘটনা তীব্র আকার ধারণ করেছে।