মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র পতনের দ্বারপ্রান্তে

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৬
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিবেশী দেশগুলোতেও এ সঙ্কট ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজনৈতিক অস্থিতিশীলতা জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সুরক্ষায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর জন্য নিরাপত্তা পরিষদের কাছে অর্থনৈতিক ও কৌশলগত সহায়তাও চেয়েছেন তারা। চার মাস আগে প্রেসিডেন্ট ফ্রান্সিস বোসিস সেলেকা বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মুখে পড়ে আফ্রিকার সবচেয়ে দারিদ্র্যপীড়ত এই দেশটি। এরপর থেকে চলমান সহিংসতা ও অচলাবস্থার ফলে দেশটি এখন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অচিরেই সঙ্কট দেশের সীমানা পেরিয়ে পাশের দেশগুলোতেও প্রভাব ফেলবে বলে হুঁশিয়ার করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত অবসরপ্রাপ্ত জেনারেল বাবাকার গাই। মধ্য আফ্রিকার স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত ১১শ’ সেনার সঙ্গে চলতি মাসে আরো ৩৬শ’ শান্তিরক্ষী সেনা সদস্য পাঠিয়েছে আফ্রিকান ইউনিয়ন। দেশটির সাধারণ নাগরিকদের নিরাপত্তা, অচলাবস্থা নিরসন এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে এসব সেনা। বুধবার জাতিসংঘ দূত বাবাকার গাই বলেন,“আফ্রিকান ইউনিয়ন অর্থনৈতিক, লজিস্টিক ও কৌশলগত সাহায্যের জন্য ইতোমধ্যেই আবেদন জানিয়েছে। আমরাও তাদের আবেদনের পক্ষে সুপারিশ করছি।”