ভারতে দুর্ঘটনা কবলিত সাবমেরিন থেকে তিন নাবিকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৬
দুর্ঘটনাকবলিত ভারতের সাবমেরিন সিন্ধুরক্ষকের ১৮ নাবিকের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে এনডিটিভি এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে অবশিষ্ট পনের জনের ভাগ্যেও একই পরিণতি হয়ে থাকতে পারে। নৌবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তবে দুর্ঘটনাস্থলে পানি অত্যন্ত ঘোলা হওয়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। বুধবার বিকেলে ডুবুরিরা সাবমেরিনে প্রবেশ করতে সক্ষম হলেও বিস্ফোরণের ফলে রাসায়নিক দ্রব্য গলে যাওয়ায় এবং কাদা মাটির কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটে। নিহতদের দেহ আগুনে ঝলসে যাওয়ায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়,সাবমেরিনের সামনের দিকে রাখা রকেট ও টর্পেডোগুলোতে বিস্ফোরণের ফলে সাবমেরিনের ভেতরের দিকে অনেক কিছু গলে গেছে। সাবমেরিনের ভেতরে পানি নিষ্কাশন করতে ভারি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। নৌবাহিনীর এক মুখপাত্র জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মাত্র তিনমাস আগে সিন্ধুরক্ষককে রাশিয়া থেকে ৪৮০ কোটি রুপি ব্যয়ে নবায়ন করে আনা হয়েছিল।