কম্বোডিয়ায় ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বিস্ফোরণে ৬ কৃষক নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:০৬
কম্বোডিয়ায় ট্যাঙ্ক বিধ্বংসী স্থলমাইন বিস্ফোরণে ছয়জন কৃষক নিহত হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে খেমাররুজ গেরিলাদের পুঁতে রাখা ট্যাঙ্ক বিধ্বংসী একটি পুরনো স্থলমাইনের ওপর দিয়ে তাদের ট্রাক যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। -খবর এএফপির। বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশ প্রধান সাই কিরি টেলিফোনে এএফপিকে বলেন, কৃষকরা বুধবার সন্ধ্যায় কম্বোডিয়ার উত্তরাঞ্চলীয় প্রিয়াহ ভিয়ার প্রদেশে বন্যাপ্লাবিত একটি মাঠ দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সপ্তম ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। সাই কিরি জানান, স্থলমাইনটি কম্বোডিয়ার গৃহযুদ্ধের সময় ফেলে যাওয়া হয়। খেমাররুজ বাহিনীর সৈন্যরা সরকারি বাহিনীর হামলা থেকে তাদের এলাকাকে রক্ষায় এটি পুঁতে রাখে। তিনি আরো জানান, ১৯৮০’র দশকে কম্বোডিয়ার ওই এলাকা প্রধান যুদ্ধক্ষেত্র ছিল। উল্লেখ্য, কৃষকরা তাদের ধানক্ষেত দেখতে বন্যাকবলিত ওই এলাকা দিয়ে যাচ্ছিল।