ফিলিপাইনে জাহাজের ধাক্কায় ফেরি ডুবি, নিহত ৩১

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৫৫
ফিলিপাইনে একটি মালবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে ৩১ যাত্রী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ২ শতাধিক মানুষ। শুক্রবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেবু উপকূল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ড জানায়, এমভি টমাস অ্যাকুইনাস নামের ফেরিটিতে দুর্ঘটনার সময় ৭৫২ জন যাত্রী ও ১১৮ জন ক্রু ছিল। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ফেরিটি যখন ডুবে যেতে থাকে তখন শতাধিক মানুষ নদীতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় যাত্রীদের লাইফ জ্যাকেট দেন ফেরির ক্রুরা। কোস্টগার্ড ও স্থানীয় মাছ ধরা নৌকার সহযোগিতায় তখন ৬শ ৯০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সূত্র আরো জানায়, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে অনেক যাত্রী তখন ঘুমাচ্ছিলেন। অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা সার্চ লাইট জ্বালিয়ে নিখোঁজদের সন্ধান করেন। যে জাহাজটির সঙ্গে ফেরিটির ধাক্কা লাগে তার নাম সালপিসিও এক্সপ্রেস সেভেন। সে সময় জাহাজটিতে সাতজন ক্রু ছিল বলে জানা যায়। তবে এতে জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে সেবু কোস্টগার্ডের কমান্ডার উইনেল আজকুনা জানান। ফেরির মালিকের মুখপাত্র রাচেল কাপিউনো জানান, জাহাজের ধাক্কাটি ছিল অত্যন্ত মারাত্মক। কোন কিছু বুঝে উঠার আগেই দেখা যায় এটি তলিয়ে যাচ্ছে। আতঙ্কিত লোকজন তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিতে থাকে। ফেরিটি সেবু বন্দরের দিকে যাচ্ছিল। জারউইন আগুডং নামে এক যাত্রী জানান, দুর্ঘটনার পর অনেকেই ফেরির ভিতরে আটকা পড়ে যায়। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি শোচনীয় হয়ে পড়ে। আমি নদীতে অনেক মৃতদেহ দেখেছি। এদিকে তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান।