লস্কর-ই-তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ টুন্ডা গ্রেফতার

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৫৫
অবশেষে পুলিশের জালে ধরা দিয়েছে শীর্ষ লস্কর নেতা আব্দুল করিম টুন্ডা। পুলিশ সূত্রে বলা হয়েছে, শুক্রবার রাতে ভারত-নেপাল সীমান্ত থেকে টুন্ডাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। খবর আনন্দবাজার পত্রিকার। প্রশাসন সূত্রে বলা হয়েছে, প্রায় দু’দশক ধরে ভারতে মোস্ট ওয়ান্টেডে তালিকার শীর্ষস্থানে ছিল লস্কর-ই-তৈয়বার এই বোমা বিশেষজ্ঞ। ১৯৯৬-৯৮ উত্তর ভারতের একাধিক বিস্ফোরণের ঘটনার মূল হোতা ছিল এই টুন্ডা। দিল্লি ও লাগোয়া অঞ্চলে অন্তত ৪০টি বিস্ফোরণের ঘটনাতেও টুন্ডার নাম জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই হামলায় পাকিস্তানকে পাঠানো অভিযুক্তদের তালিকায় ১৫ নম্বরে রয়েছে টুন্ডার নাম। দীর্ঘদিন ধরেই টুন্ডা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছিল বলে জানা যায়। প্রশাসন সূত্রে বলা হয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা টুন্ডা পাকিস্তানে গিয়ে বিস্ফোরণ নিয়ে বিশেষ প্রশিক্ষণ নেয়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়ে রোহিঙ্গা গোষ্ঠীর যুবকদের সন্ত্রাস নিয়ে প্রশিক্ষণ দেয়।