জাতিসংঘের কর্মীরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৮২ জন শিশু সেনাকে উদ্ধার করেছে। একটি সশস্ত্র দলের পক্ষে তারা কাজ করছিল। শিশু সেনাদের অনেকের বয়স মাত্র ৮ বছর। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে। ৪২ জনকে ইতিমধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
১১ থেকে ১৫ মে পর্যন্ত ৮ থেকে ১৭ বছর বয়সী শিশু সেনাদের সশস্ত্র গ্রুপ থেকে আলাদা করা হয়। গত শুক্রবার কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশন জানায়, মাই মাই বাকাতা গ্রুপ জোর করে ১৩টি মেয়েসহ ৮২ শিশুকে ছিনিয়ে নিয়েছিল। এসব শিশুকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক কাজে লাগানো হতো। উল্লেখ্য, শিশুদের সামরিক কাজে লাগানোকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
