আগামী দশকগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি জাতিসংঘের আশঙ্কাকেও ছাড়িয়ে যাবে বলে সতর্ক করেছেন একদল গবেষক। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের সরকারগুলোর সমন্বয়ে বায়ুমণ্ডলের উষ্ণায়ন নিয়ে কাজ করছে ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)।
তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ নানান পরিবেশ বিপর্যয় ঘটতে পরে বলে সতর্ক করেছে তারা। বিজ্ঞানীরা তাদের নতুন গবেষণাপত্রের সুপারিশে বলেছেন- তাপমাত্রা বৃদ্ধির হার ২০২০ সালের মধ্যে জাতিসংঘের আশঙ্কার চেয়ে দ্বিগুণ এবং ২০৪০ সালের মধ্যে চারগুণ বাড়তে পারে। এনভাইরনমেন্টাল রিসার্চ লেটার নামের একটি সাময়িকীতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। তাপদাহ বাড়ার কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত হবে। ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ, মধ্য এশিয়া এবং যুক্তরাষ্ট্রও অধিক ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে বিবেচিত হবে।
পটসডাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইম্পেক্ট রিসার্চ-এর সদস্য ডিম কাউমু বলেন, “বর্তমান হারে নির্গত হওয়া গ্রিনহাউজ গ্যাস নিয়ন্ত্রণ না করলে অনেক এলাকায় অপেক্ষাকৃত শীতল গ্রীষ্মকালীন ঋতু ধীরে ধীরে উষ্ণায়নের দিকে যাবে।”
